বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসানকে রেখে পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে দলটি সোমবার (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশে রওনা হবে। প্রথম টেস্ট ২১ আগস্ট ও দ্বিতীয়টি ৩০ আগস্ট শুরু হবে। বাংলাদেশ দল ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে।
১৬ সদস্যের দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। ইনজুরির কারণে মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি। তাসকিনও বিশ্রামে ছিলেন। শাহাদাত হোসেন দিপু বাদ পড়েছেন।
✪ আরও পড়ুন: শেখ হাসিনাকে ভারতে আশ্রয় ও অন্তর্বর্তী সরকার নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, “এই দলটি ভারসাম্যপূর্ণ। মুশফিক, মুমিনুল, এবং সাকিব একসঙ্গে ২১৬টি ম্যাচ খেলেছে। তাইজুল ও মিরাজ দীর্ঘদিন ধরে স্পিন বিভাগের নেতৃত্ব দিচ্ছেন, তাদের ৩৫০টিরও বেশি উইকেট রয়েছে। আমরা আশা করি শান্ত, লিটন, এবং অন্য ব্যাটাররাও প্রতিযোগিতায় অবদান রাখবে।”
তিনি বলেন, “তাসকিনকে দ্বিতীয় টেস্টে খেলানোর পরিকল্পনা করা হয়েছে, তাই আমরা পাঁচ পেসার বেছে নিয়েছি। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে তাকে ‘এ’ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
বাংলাদেশ টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
দলে ফিরেছেন: মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
বাদ পড়েছেন: শাহাদাত হোসেন।

Post a Comment