চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের রেষারেষিতে এক রকম থমকে আছে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন। আসরের আর মাত্র দুই মাস বাকি থাকলেও টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করতে পারেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিপরীতে সংস্থাটিকে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব সামাল দিতেই বেশি সময় দিতে হচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এমন অনিশ্চয়তার পেছনে ভারতের বড় দায় দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার মতে খলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলছে ভারত। যার নেতিবাচক পড়তে পারে দুই দেশের ক্রিকেটেই।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সামজিক যোগাযোগমাধ্যম এক্সে আফ্রিদি লিখেছেন, আইসিসির উচিত নিরপেক্ষতা বজায় রাখা। একই সঙ্গে হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে সমর্থন করেন বলেও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার।
সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি।’
আফ্রিদি বলেন, ‘যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১ এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসি ও এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে।’

Post a Comment